তালার সবজি বাজারের সড়ক বেহাল

আপডেট : ২০ জুন ২০২২, ১৪:৩৮

সামান্য বৃষ্টিতে তালার সবজি বাজারের সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। বৃষ্টি হলেই খানাখন্দে ভরা ১০০ মিটার সড়কটি কাদা-পানিতে পরিপূর্ণ হয়ে যায়। দেখা দেয় চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না সবজি বাজারে প্রবেশে পথটির এ অবস্থা বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

তালা বাজারের বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটির খুব খারাপ অবস্থা। বৃষ্টির সময় বাজার করতে আসা বেশ কঠিন। অনেকে মালামাল নিয়ে সড়কে পড়ে যায়। 

সবজি কিনতে আসা শিক্ষক নারায়ণ পাল বলেন, সামান্য এই সড়কটুকু যদি সিসি ঢালাই করে দেওয়া হয়, তাহলে বৃষ্টির সময় বাজার করতে আসতে কোনো সমস্যা হয় না।

বাজারের ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, এই সড়কের কারণে কোনো গাড়ি মালামাল পরিবহন করতে চায় না। বৃষ্টির সময় বেশি সমস্যা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি একটু গুরুত্ব দিলে ভালো হতো। 

তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূর্য্যকান্ত পাল বলেন, সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। সড়কটি সংস্কার হলে জনভোগান্তি লাঘব হবে।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ঐ সড়কটি সংস্কারের জন্য রাজস্ব খাত থেকে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা হবে। 

ইত্তেফাক/এআই