ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে ফেলা হচ্ছে বালুর বস্তা

আপডেট : ২০ জুন ২০২২, ১৫:১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। এতে ধসের কবলে পড়েছে নদীর পাড়। গত ২৪ ঘণ্টায় ভূঞাপুরে যমুনা নদীতে ১০ সেন্টিমিটার পানি বেড়ে বিপত্সীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু পাড়ে ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া ও চিতুলিয়াপাড়া এলাকায় ভাঙন ও নদীর পাড়ে ধস নেমেছে। ভাঙনরোধে স্হানীয়রা স্বেচ্ছাশ্রমে নদীতে বালুভর্তি প্লাস্টিকের বস্তা ফেলছে। এছাড়া পানি বৃদ্ধি হওয়ায় গাবসারা ও অজূ‌র্না ইউনিয়ন চরাঞ্চলের কয়েক গ্রাম প্লাবিত হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, যমুনা ও ঝিনাই নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অন্য সব নদীর পানিও বাড়ছে। এতে করে জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার জানান, বন্যায় যমুনা নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় পাট, আউশ ধান, তিল, শাকসবজিসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এআই