রৌমারী-ঢাকা সরাসরি গাড়ি চলাচল বন্ধ

আপডেট : ২০ জুন ২০২২, ১৬:১৮

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ও চলতি বন্যার পরিস্থিতি অবনতি হওয়ায় রৌমারী-ঢাকা মহাসড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে যে কোনো সময় মহাসড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

ইতিমধ্যে রৌমারী ও রাজিবপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় অর্ধশতাধিক বাস দেওয়ানগঞ্জ উপজেলার পাষানপুর নামক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে রৌমারী থেকে সরাসরি ঢাকা যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।

কুড়িগ্রাম জেলা সওজ অফিস সূত্রে জানা যায়, মহাসড়কটি জামালপুর জেলার ধানুয়া কামালপুর হয়ে রৌমারী ভায়া দাঁতভাঙ্গা পর্যন্ত ২৯ কিলোমিটার এবং টালুয়ারচর থেকে রাজিবপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসকেল (ভার.) বলেন, মহাসড়কটির অবস্থা খুবই খারাপ। ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছে তা আমার জানা নেই। তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। বর্তমানে রৌমারী থেকে কিছু গাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আমরা গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

কুড়িগ্রাম সওজের প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। 

ইত্তেফাক/এআই