নতুন শিক্ষাক্রমে পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়ন উভয়ই থাকবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ০১:০৩

সম্প্রতি ঘোষিত নতুন শিক্ষাক্রমে পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমে কোন পরীক্ষাই থাকবে না তা ঠিক নয়, অনেক পরীক্ষা থাকবে আবার অনেক পরীক্ষাই থাকবে না। যেখানে পরীক্ষা থাকবে সেখানে ধারাবাহিক মূল্যায়ন হবে।’

সোমবার (২০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন ডা. দীপু মনি।

ভার্চুয়াল মাধ্যমে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সরাসরি অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রম নিয়ে এখনও হয়ত অনেকের অনেক রকম সন্দেহ, সংশয় রয়েছে। অধিকাংশ মানুষ ভালো বলছেন, আবার অনেকেরই সংশয় রয়েছে।’ কেউ কেউ বলছেন- পরীক্ষা থাকবে না। তাহলে কেমন হলো? পরীক্ষা থাকবে না, আসলে তা ঠিক নয়। অনেক পরীক্ষাই থাকবে, আবার অনেক পরীক্ষা থাকবে না। কিন্তু পরীক্ষা থাকবে না তার মানে মূল্যায়ন থাকবে না তা নয়। ধারাবাহিক মূল্যায়ন হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন— শিক্ষকদের হাতে ধারাবাহিক মূল্যায়নের যে অংশ থাকবে তাহলে কি শিক্ষকদের হাতে জিম্মি হয়ে যাবো? শিক্ষকদের প্রতি আমাদের যেমন সম্মান থাকতে হবে, তেমনি আস্থাও রাখতে হবে। হ্যাঁ, কোথাও কোথাও আস্থাহীনতা ঘটে কোনও সন্দেহ নেই। কিন্তু সেখানে যেন সমস্যা না হয় সেটা দেখেই আমরা শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চাই। আমরা সামগ্রিকভাবে শিক্ষার একটা গুণগত মানের পরিবর্তন আনার চেষ্টা করছি। 

ঔপনিবেশিক শিক্ষা নয়, স্বাধীন দেশের স্বাধীন শিক্ষা শিক্ষার্থীদের শেখাতে হবে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘আমার মনে হয়, আমরা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেভাবে আমাদের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু যেমন চেয়েছিলেন সেভাবে মানুষ করতে পারবো। শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে, মানবিক মানুষ হবে। ঠিক তেমন মানুষ আমরা গড়ে তুলতে পারবো।’ 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’র কার্যক্রমের মাধ্যমে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীরা জানতে পারছে, শুধু ইতিহাস পড়ে তা জানা যেত না। আর সে কারণে নতুন শিক্ষাক্রমে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাক্রমকে আমরা গুরুত্ব দিচ্ছি। অভিজ্ঞতাভিত্তিক শিখন, সক্রিয় শিখনকে বেশি গুরুত্ব দিতে চেষ্টা করছি।’ 

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেড