ডিপিএলে রাজকীয় পারফরম্যান্স উপহার দিয়ে জায়গা করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-২০ দলে। তবে টেস্ট দলে তার জায়গা পাওয়াটা অনেকটা হুট করেই। নিয়মিত সদস্য ইয়াসির আলী পিঠের চোটে ছিটকে গেলে দ্বিতীয় টেস্টের দলে ডাক পান এনামুল হক বিজয়। তাই আগে ভাগেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরতে হয়।
লম্বা ভ্রমণ শেষে গত পরশু যোগ দিয়েছেন দলের সঙ্গে। বাংলাদেশের হারটা মাঠে বসেই দেখেছেন বিজয়। সেই হার ভুলে এখন টাইগাররা তাকিয়ে ২৪ জুন থেকে শুরু হওয়া সেন্ট লুসিয়া টেস্টের প্রস্তুতির দিকে। অ্যান্টিগায় টপ অর্ডারদের ব্যর্থতায় জোর সম্ভাবনা আছে সেন্ট লুসিয়া টেস্টে বিজয়ের একাদশে ঢুকার।
বিজয়ও আছেন সুযোগের অপেক্ষায়, ‘অনেক দিন পর টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। সামনে আরো চার-পাঁচ দিন আছে দ্বিতীয় টেস্টের জন্য। চেষ্টা করব ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব ভালো করে খেলার। অনেকদিন পর যেহেতু আসলাম খুবই ভালো লাগছে।’
সুযোগ পেলে প্রায় ৮ বছর পর নিজের পঞ্চম টেস্ট খেলতে নামবেন বিজয়। ২০১৪ সালে এই সেন্ট লুসিয়াতেই খেলেছিলেন সবশেষ টেস্ট। সাম্প্রতিক অতীতে সাদা বলে দাপট দেখালেও লাল বলে একদমই ভিন্ন চিত্র তার। বিসিএলের গত আসরে ৪ ম্যাচে ৩৫ গড়ে ২১০ রান করেছেন তিনি। তার আগে জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ২৩.২৫ গড়ে করেছেন ১৮৬ রান। যেই উদ্দেশ্যে তাকে নেওয়া সেই আশার পালে তিনি হাওয়া দিতে পারবেন তো?

দ্বিতীয় টেস্টের দলে শরিফুল