ফিলিপাইনের বিদায়ি ও আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কনিষ্ঠ কন্যা সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন। রবিবার তার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সারা দুতের্তে দাভাওয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে ফিলিপাইনকে একত্রিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
৪৪ বছর বয়সি সারা দুতের্তে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে। এবারের নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, দুতের্তেকে রানিং মেট হিসেবে রাখেন। মার্কোস জুনিয়র ৩০ জুন ম্যানিলাতে শপথগ্রহণ করবেন।
বলা হচ্ছে, সারা দুতের্তের ছয় বছরের সফর শুরু হচ্ছে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে আগামী ৩০ জুন থেকে। গত মে মাসের নির্বাচনে প্রার্থী হিসেবে এই জুটি একটি শক্তিশালী জোট গঠন করে এবং ঐক্যের বার্তা পৌঁছাতে সক্ষম হয়। যদিও ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আলাদাভাবে নির্বাচিত হন। রদ্রিগো দুতের্তে একজন বিতর্কিত ও সাহসী ব্যক্তিত্বের অধিকারী প্রেসিডেন্ট ছিলেন যিনি ২০১৬ সালে ক্ষমতায় আসার পর অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও মাদক ব্যবসার লাগাম টানার প্রতিশ্রুতি দেন এবং সেভাবেই কাজ করেন। তবে সমালোচকরা বলেন, পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন দুতের্তে পুলিশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে উত্সাহিত করেন। অথচ যাকে তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করে থাকেন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতও অভিযান চালানোর সময় হাজার হাজার হত্যাকাণ্ডের তদন্ত করছেন।
