ষষ্ঠ শিরোপার জন্য ব্রাজিলের অপেক্ষা বেড়েই চলছে। ২০০২ বিশ্বকাপের পর কেটে গেছে ২০টি বছর ও চারটি বিশ্বকাপ। কিন্তু শিরোপার দরজায় কড়া পর্যন্ত দিতে পারেনি সেলেসাওরা। তবে এবার কাতার বিশ্বকাপকে পাখির চোখ করে রাখছেন ব্রাজিল কোচ তিতে।
রাশিয়া বিশ্বকাপে তিতের অধীনে ব্রাজিলের দৌড় ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্তই। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে চোখের জলে বিদায় নেয় তারা। ব্যর্থতা ভুলে পরের চার বছরে দলকে আরো শক্তিশালী করে তোলেন তিতে।
র্যাংকিংয়ে শীর্ষ দলের মুকুট এখন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে। তাছাড়া লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের সেরা দল হয়েই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। তাই তিতে মনে করছেন, সময়টা এখন চ্যাম্পিয়ন হওয়ার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬১ বছর বয়সি এই কোচ বলেন, ‘আমি আশাবাদী তবে মনোযোগীও। আমরা বিশ্বকাপে পৌঁছেছি এখন সময়ে ফাইনালে পৌঁছা এবং চ্যাম্পিয়ন হওয়া। এটাই সত্য। গত বিশ্বকাপে অন্য পরিস্হিতির (২০১৬ সালে দুঙ্গাকে বরখাস্ত করে তিতেকে কোচ বানায় ব্রাজিল) কারণে আমি ম্যানেজার ছিলাম। এবার আমি পুরো চার বছরের চক্র জুড়ে কাজ করার সুযোগ পেয়েছি। প্রত্যাশা অনেক বেশি, তবে দৃষ্টিটা আমাদের কাজের ওপর।’

ব্রাজিলের বিশ্বকাপ জেতার উপযুক্ত সময় চলে এসেছে