ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মানিক মিয়া নামে ওই যাত্রী ঢাকায় আসেন।
তার কাছ থেকে ২১টি বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
কাস্টমস জানায়, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে যে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইটের একজন যাত্রী চোরাচালানের সোনা বহন করছে। এরই পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। বোর্ডিং ব্রিজ অতিক্রমকালে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রিন চ্যানেলে এনে ব্যাগ তল্লাশি ও স্ক্যান করে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম সোনা পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।
