রংপুরের মিঠাপুকুরে ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২২, ১৪:১৯

রংপুরের মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাপায় শফিক (২২) ও ইমন (২৪) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিক উপজেলার শুকুরেরহাট তিলকপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে ও ইমন একই গ্রামের বাসিন্দা বলে জানা জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাল্টিরহাট থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন দুই বন্ধু শফিক ও ইমন। মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় পৌঁছলে রাস্তার একপাশ দখল করে রাখা ভেজা খড়ে মোটরসাইকেলের চাকা স্লিপ করে দুজনেই রাস্তার মাঝখানে পড়ে যায়। এ সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফিক ও ইমনের মৃত্যু হয়। স্থানীয়রা মিঠাপুকুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআর