নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের গলা, হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুন) ভোরে উপজেলার সিরাজ উদ্দিন গ্রামের কাশেম চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম ইমরান হোসেন সাগর (২৪)। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় একজন মৎসচাষি ও রাজমিস্ত্রি।
জানা গেছে, বাড়ির পার্শ্ববর্তী দু’টি মাছের প্রজেক্ট ইজারা নেওয়া ও মাছ চাষ করাকে কেন্দ্র করে একই বাড়ির বাবুদের সঙ্গে সাগরের বিরোধ ছিলো। এর জের ধরে মঙ্গলবার ভোরে স্থানীয় রুবেল নামের এক যুবককের মাধ্যমে সাগরকে ডেকে নিয়ে গলা, হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত সাগরের চাচা বদিউজ্জামান জানান, হামলাকারীরা ধারালো ছোরা দিয়ে সাগরের বা পায়ের রগ, মাথা, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এছাড়া তারা সাগরের গলায় গামছা ও মুখে কাপড় ঢুকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ও পরে গলা কেটে হত্যার চেষ্টা করে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
