কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে গতকাল মঙ্গলবার বন্যার পানিতে ডিঙি নৌকা ডুবে জুলেখা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নৌকা ডুবে গেলে নিজের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়। জুলেখা বেগম জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।
স্থানীয় নওপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার এসব তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার সকালে বন্যার পানিতে বেড়ানোর জন্য জুলেখা বেগম, তার জা নাজমুন্নাহার তাদের শিশু সন্তানদের নিয়ে কয়েক জন মিলে ঐ ডিঙি নৌকাযোগে জুড়াইল হাওরে যান। এ সময় প্রবল বাতাসে নৌকাটি নড়াচড়া শুরু করলে জুলেখা বেগমের শিশু সন্তান তানজিনা (৭) পানিতে পড়ে যায়। নৌকাটিও ডুবে যায়। পরে সন্তানকে বাঁচাতে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়েন। সন্তানকে উদ্ধার করতে পারলেও, জুলেখা বেগম পানিতে ডুবে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জুলেখা বেগমের স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
