মদনে বন্যায় ভেসে গেছে ৩ হাজার ৮শ ৩০ পুকুরের মাছ

আপডেট : ২২ জুন ২০২২, ০১:৪৫

চলতি বন্যায় মদনে পৌরসভাসহ উপজেলার আট ইউনিয়নে ৪ হাজার ২৪৫ পুকুরের মধ্যে ৩ হাজার ৮৩০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। 

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি বাঘমারা গ্রামের হাফিজুর রহমান মিলন, ইল্লাক মিয়া ও ফতেপুর গ্রামের মোতাহার জানান, হঠাৎ করে বন্যা হওয়ায় আমাদের পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা আবার দাঁড়াতে পারব। 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মদন উপজেলা শাখার মহাসচিব মোতাহার আলম চৌধুরী বলেন, বন্যায় পুকুরের মাছ ভেসে জলাশয়ে ঢুকে পড়ায় সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল এবার মিঠা পানির মাছ জলাশয়গুলোতে ভরপুর থাকবে। কিন্তু এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা যেভাবে সরকার নিষিদ্ধ বিভিন্ন জাল দিয়ে মুক্ত জলাশয়ে পোনামাছ ধরছে, তাতে সামনে এলাকায় মিঠা পানির মাছের আকাল দেখা দিবে। এ ব্যাপারে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। 

মদন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, আকস্মিক বন্যায় উপজেলার ৩ হাজার ৮৩০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্ত্তত করে জেলা অফিসে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম