১৯৭৫ সালে ১৬ বছরের এক কিশোরী যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। ৬৪ বছর বয়সে মামলায় জিতেছেন তিনি। মার্কিন কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছে আদালত।
যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দশক ধরে বিভিন্ন কৌশলে নারীদের ঘনিষ্ঠ হয়ে যৌন লালসা চরিতার্থ করেছেন কসবি।
২০১৮ সালে এক মামলায় কারাদণ্ডও হয় তার। তবে প্রক্রিয়াগত ত্রুটির কারণে কারাদণ্ডাদেশ বাতিল হলে ২০২১ সালে তিনি মুক্তি পেয়ে যান।
জুডি হুথ যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন ২০১৪ সালে। অভিযোগপত্রে তিনি বলেন, ১৯৭৫ সালে তাকে এবং তার এক বন্ধুকে লস এঞ্জেলেসের প্লেবয় ম্যানশনে দাওয়াত দিয়েছিলেন কসবি।
ফ্যামিলি কমেডি শো-তে জনপ্রিয়তার সুবাদে ‘অ্যামেরিকা'স ড্যাড' হয়ে ওঠা কসবির বয়স তখন ৩৭ বছর আর জুডির মাত্র ১৬।ওই বয়সে একজন প্রিয় তারকা অভিনেতার যৌন নিপীড়নের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জুডি। ধীরে ধীরে তা সামলে নিয়ে ঘটনাটি প্রায় ভুলেও গিয়েছিলেন। কিন্তু প্রায় ছয় দশক পর কসবির বিরুদ্ধে একে একে অনেক অভিযোগের খবর গণমাধ্যমে আসায় নিপীড়নের অভিজ্ঞতা আবার মনে পড়ে যায়।
আদালতকে জুডি রুথ জানান, এক সময় ট্রমার পর্যায়ে চলে গিয়েছিল ব্যাপারটা। তাই ২০১৪ সালে সুবিচারের আশায় মামলা করে দেন। টানা সাত বছরের আইনি লড়াই শেষে অবশেষে রায় পেয়েছেন জুডি।
আইনি লড়াইয়ে জুডি আপাতত জয়ী। তাকে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছে আদালত। রায়ের পর জুডি বলেছেন, ‘‘ (সাত বছর ধরে মামলা চালিয়ে যাওয়ার) ব্যাপারটা ছিল রীতিমতো নির্যাতনের মতো। তবে শেষ পর্যন্ত যে রায়টা পেয়েছি তা আমার কাছে বিশাল এক জয়ের মতো।''
রায়ের সময় বিল কসবি আদালতে ছিলেন না। তার আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধ তারা আপিল করবেন।
