আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জনগণকে প্রত্যাখ্যান করেছে বিএনপি: নানক

আপডেট : ২৩ জুন ২০২২, ১৩:৪৪

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যানের মাধ্যমে বিএনপি এদেশের জনগণকে, জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২২ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাজিরা প্রান্তে সমাবেশস্থল পরিদর্শন এবং জনসভার প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন।

বিকেল চারটায় মাদারীপুরের শিবচরস্থ পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাস্থলে আওয়ামী লীগের সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় বিএনপি নেতাদের সমালোচনা করে নানক বলেন, 'তারা এ দেশের স্বাধীনতাকে মানতে পারেনি, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা মানতে পারেনি, তাই তারা পদ্মা সেতুকেও মানতে পারছে না। তাই তারা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারে না। এই কারণে এই দেশের জনগণ তাদেরকে বার বার প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।'

বক্তব্য রাখছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

বিদেশ থেকে দেশে আসার টিকিট পাওয়া যাচ্ছে না উল্লেখ করে নানক বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন আগামী ২৫ জুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখ মানুষের উপস্থিতি হবে সমাবেশ স্থলে। কিন্তু লক্ষ্য থাকবে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম করা। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে। শুধু তাই নয়, বিদেশ থেকে দেশে আসার টিকিট পাওয়া যাচ্ছে না। কারণ বিদেশে থাকা প্রবাসী ভাইয়েরা দেশে আসতে শুরু করেছেন। স্বপ্নের পদ্মা সেতু দু'চোখে দেখতে চান, তারাও সমাবেশস্থলে যোগ দিতে চান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভুলে গেলে চলবে না, এই পদ্মা সেতু তৈরিতে ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে চক্রান্ত করেছে। তাই ২৫ জুন সমাবেশ সফল করার মাধ্যমেই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুগ্ন সাধারণ সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, যুবলীগের চেয়াম্যান শেখ ফজলে নুর পরশ, প্রেডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সফল সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিসিআইসির সাবেক সভাপতি ফজলে নাঈম, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য নাঈম রাজ্জাক, স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উর রহমান, ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্জসহ আরো অনেকে।

ইত্তেফাক/এমএএম