পদ্মা সেতুর ষড়যন্ত্র নিয়ে ব্যঙ্গাত্মক নাটক

আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:২৮

পদ্মা সেতুর বিরোধিতা করে ষড়যন্ত্রকারীদের ব্যঙ্গ করে রঙ্গরসাত্মক গীতিনাট্য পরিবেশন হবে রাজধানীতে। আগামীকাল শুক্রবার রাজধানীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে এ নাটক পরিবেশন করবেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের দল। দেশের খেটে খাওয়া প্রান্তিক মানুষদের তাদের অর্জিত সফলতার খবর দেওয়া এবং উদযাপনের আহ্বান করাসহ বিরোধিতাকারীদের ব্যঙ্গ করে এ গীতি নাট্য পরিবেশন করা হবে।

নাটক পরিবেশন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, কাওরান বাজার, যাত্রাবাড়ী ও কমলাপুর। সকাল ১০টায় কাওরান বাজার কাওরান বাজার, ১১টায় যাত্রাবাড়ী, ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও সন্ধ্যা ৬টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসব নাটক মঞ্চায়ন করা হবে। 

গীতিনাট্যের আয়োজক তানভীর হাসান সৈকত বলেন, বাংলার স্বাধীনতার বিপক্ষে যেমন ছিলো একদল অশুভ শক্তি এবং তাদের অপরাজনীতি, সেই অশুভ শক্তির তৎপরতা স্বাধীনতার এই পঞ্চাশোর্ধ্ব সময়েও থামেনি। মাননীয় প্রধানমন্ত্রীর ইস্পাত কঠিন দৃঢ় মনোবল আর প্রত্যয়ের কারণে যখন ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে শুরু হলো সেতুর কাজ, এরপরও চলতে থাকলো অপশক্তিদের একের পর এক গুজবের ষড়যন্ত্র। সেতু জোড়া দিতে মানুষের মাথা লাগবে থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান বাদ দিয়ে হেলিকপ্টার কেনা পর্যন্ত গুজবের বেসাতি চলেছে সেতু হয়ে যাওয়ায় অন্তর্জ্বালায় ভুগতে থাকাদের। এই শুভক্ষণে অশুভ শক্তিকে আমরা রুখে দিতে চাই আমাদের শিল্পমনা প্রাণ দিয়ে।

তিনি বলেন, এই পরিবেশনার উদ্দেশ্য হচ্ছে দেশের খেটে খাওয়া প্রান্তিক মানুষদেরকে তাদের অর্জিত সফলতার খবর দেওয়া এবং উদযাপনের আহ্বান করা। সকল বাধা, চ্যালেঞ্জ ডিঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে নির্মিত এ সেতু যে আমাদের সব নাগরিকের একটি অর্জন, গৌরব সেটিকে তুলে ধরা, প্রচার করাই এই পরিবেশনার মূল নির্যাস। 

২৫ জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি মাওয়ায় সুধী সমাবেশে অংশ নেবেন। এ জন্য প্যান্ডেল তৈরির কাজ পুরোদমে চলছে। এরপর প্রধানমন্ত্রী টোল দিয়ে সেতুতে প্রবেশ করে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। গাড়িতে সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে আরেকটি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় ভাষণ দেবেন।

ইত্তেফাক/এএএম