বাসযোগ্যতার সূচকে ১৭২ শহরের মধ্যে ঢাকা ১৬৬তম

আপডেট : ২৩ জুন ২০২২, ১৯:১৪

বাসযোগ্যতার সূচকে ১৭২ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম। এতে বাস অযোগ্য হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। তালিকার একেবারে তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। বৃহস্পতিবার (২৩ জুন) ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২২ সালের সূচকে এই তালিকা প্রকাশ করে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

এর আগে ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম হয়েছিল ঢাকা। বাসযোগ্যতার সূচকে এ বছর ঢাকার স্কোর ১০০ নম্বরে মধ্যে ৩৯ দশমিক ২। আগের বছর প্রাপ্ত স্কোর ছিল ৩৩ দশমিক ৬। 

তবে ইআইইউ জানিয়েছে, মহামারিসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করার কারণে স্কোর বেড়েছে। 

ঢাকা। ছবি: বিপ্লব মল্লিক

শহরগুলোর স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে বাসযোগ্যতার এ তালিকা তৈরি করা হয়ে থাকে। 

তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটির মোট স্কোর ৯৯ দশমিক ১। তালিকায় ৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ডেনমার্কের কোপেনহেগেন। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ এবং কানাডার ক্যালগারি। তার পরের অবস্থানটি কানাডার আরেক শহর ভ্যাংকুভার।

ইত্তেফাক/এএএম