যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
আহত নেতাকর্মীরা হলেন, বেড়গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে আজাদ হোসেন (২৮), মৃত মহম্মদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৬০), রোকনুজ্জামানের ছেলে আমিনুর রহমান (১৮), মৃত রহমত আলীর ছেলে হাফিজুর রহমান পিন্টু (৫০) ও আমিরুল বিশ্বাসের ছেলে হারুন অর রশিদ (৪৫)।
আরও পড়ুন: রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা নির্বাচনের সময় সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামে নৌকা ও আনারস প্রতিকের সমর্থকদের মধ্যে বিবাদমান দ্বন্দ্বকে কেন্দ্র করে রবিবার সকালে এ সংঘর্ষ হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনের সময়ের নৌকা ও আনারস প্রতিকের সমর্থকদের মধ্যে বিবাদমান দ্বন্দ্বকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষের উপরে হামলা চালিয়ে আহত করেছে। তিনি এ ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, উপজেলা নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার অপরাধে বেড়গোবিন্দপুর গ্রামের নৌকার কর্মীরা নির্যাতিত হয়েছে। এমন কি নৌকায় ভোট দেওয়ার অপরাধে অনেকেই বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছে। সকালে নৌকার কর্মীদের উপরে আবারো হামলা চালাতে গেলে নির্যাতিত কর্মীরা হামলা প্রতিহত করে।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এলাকায় পরিবেশ শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআরএম
