মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গতকাল অনুষ্ঠানস্থল থেকেই বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজের ফেসবুক আইডিতে কয়েকটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘পদ্মার ঢেউ আজ মানুষের ঢেউয়ের কাছে হেরে গেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’
বাংলাদেশের গৌরবের, অর্জনের, সৃমদ্ধির স্মারক পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে গতকাল। অনন্য এই অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া থেকে ভিডিও বার্তায় পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সব থেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম ধন্যবাদ জানিয়েছেন বিশাল এই সেতু নির্মাণযজ্ঞে অংশ নেওয়া সব শ্রমিককে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল, যে সময় আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার ডেডিকেশনের কারণে, ওনার চেষ্টার কারণে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সঙ্গে অবশ্য এটাও বলব, যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে কর্মীবাহিনী, যারা কাজ করেছেন। আপনাদের একটা জিনিস বলতে চাই, আপনারা যে জিনিসটি করেছেন, এটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার এবং বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এছাড়া ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছেন।
