পদ্মা সেতুতে নাট-বল্ট খোলা ও প্রস্রাবের দৃশ্য ভাইরাল 

আপডেট : ২৬ জুন ২০২২, ২২:০৪

পদ্মা সেতুর এক প্রান্তে রেলিংয়ের নাট-বল্ট খুলছেন এমন ভিডিও এবং সেতুতে প্রস্রাব করছেন এমন এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রবিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ও ভিডিওতে দেখা যায় এক যুবক সেতুর রেলিংয়ের নাট-বল্ট খুলছেন এবং আরেক ছবিতে দেখা যায় এক যুবক প্রস্রাব করছেন। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনরা সেতুর নিরাপত্তা প্রশ্ন তুলছেন। 

এর আগে গতকাল শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর আজ রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়।

সেতুতে সেলফি তুলছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে ছবি ও ভিডিও করছেন মানুষ। কেউ তুলছেন সেলফি। এমনকি সেতুর রেলিংয়ের ওপর দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় বাইকারদের। 

অনেকে সেতুতে টিকটিক ভিডিও বানাচ্ছেন। সড়ক বিভাজকের ওপর দাড়িয়েও ভিডিও করতে দেখা গেছে টিকটকার-ইউটিউবারদের।

পদ্মা সেতু্। ছবি: আব্দুল গনি

এদিকে আগামীকাল (সোমবার) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানা করা হবে। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা  নেওয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

ইত্তেফাক/এএএম