ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় ৪৫ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এসব হামলা শুধু আমাদের অবকাঠামোতে চালানো হয়েছে তা নয়, এগুলো আমাদের জনগণের ওপর এক ধরনের আতঙ্ক ও চাপ সৃষ্টি করছে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের তিনটি অঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উচ্চ-নির্ভুল ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়ে ইউক্রেনের লভিভ, চেরনিহিভ ও ঝিতমির অঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
