গাজীপুরের টঙ্গীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চুন্নু ভূইয়া (৫৩) নামে এক ইতালী প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বখাটে মিন্টুর ছুড়িকাঘাতে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মিন্টু পলাতক রয়েছে। এ ঘটনায় জরিত থাকার সন্দেহে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন আতাউর রহমান খান জানান, ‘দুদিন আগে চুন্নু আমাদের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন রাতে অভিযুক্ত মিন্টু মুঠোফোনে আমার বাড়ির সামনে দাড়িয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় নিহত চুন্নু তাকে স্থান ত্যাগ করে কথা বলতে বললে মিন্টু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।’
ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢামেকে প্রেরণ করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চুন্নু ঢাকা জেলার গেন্ডারিয়া এলাকার মৃত. আব্দুল কুদ্দুস ভূইয়ার ছেলে।
আরও পড়ুন: দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে এমপি শিবলী সাদিক
টঙ্গী পূর্ব থানা পুলিশের (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
