দৈনিক ভিডিও বার্তায় রবিবার (২৬ জুন) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া চেষ্টা করছে বেলারুশের সাধারণ মানুষকে যুদ্ধে সামিল করতে। কিন্তু তিনি জানেন, বেলারুশের সরকার এবং প্রশাসন যা-ই করুক না কেন, সেখানকার সাধারণ মানুষ রাশিয়ার ইউক্রেনের পক্ষে। কোনোভাবেই যাতে তারা যুদ্ধে অংশ নেবে না, সেই বার্তাই দিয়েছেন জেলেনস্কি।
শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছেলিনে, বেলারুশকে তারা পরমাণু শক্তিসম্পন্ন মিসাইল দেবেন। আগামী মাসের মধ্যেই তা সেখানে পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই জেলেনস্কির এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
বস্তুত, এর আগেও বেলারুশের মাটি ব্যবহার করেছে রাশিয়া। বেলারুশের মাধ্যমে তারা ইউক্রেনে সেনা পাঠিয়েছে। এবার বেলারুশ থেকে তারা সরাসরি ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে।
জেলেনস্কি বলেছেন, 'আমি জানি বেলারুশের নাগরিক ইউক্রেনের পক্ষে। তারা যুদ্ধে যোগ দিয়ে মরতে চান না। আপনারা রাশিয়ার হাতের পুতুলে পরিণত হবেন না।'
এদিন জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভসহ একাধিক ইউক্রেনের শহরে রাশিয়া লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে। কিছু মিসাইল রুখে দেওয়া গেলেও সব মিসাইল আটকানোর মতো এয়ার শিল্ড ডিফেন্স তাদের হাতে নেই। পশ্চিমা দেশগুলোর কাছে দ্রুত সেই সাহায্য চাইছে তারা। পশ্চিমা দেশগুলি অস্ত্র পাঠাতে দেরি করলে ইউক্রেনকে রক্ষা করা যাবে না বলে এদিন জানিয়েছেন জেলেনস্কি।
