পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে সরকার নিষিদ্ধ চায়না, কারেন্ট, বেড় ও মশারি জাল দিয়ে অবাধে মা মাছ ও পোনা মাছ নিধন করা হচ্ছে। বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির অসাধু মৎস্য শিকারি সরকারি নিষিদ্ধ জালে মা ও পোনা মাছ নিধনের মহোত্সব চালাচ্ছে। এভাবে মা ও পোনা মাছ নিধন চলতে থাকলে ভরামৌসুমে এলাকায় বড় মাছের আকাল দেখা দেওয়ায় আশঙ্কা করছে সচেতন মহল।
স্হানীয়রা জানায়, আকস্মিক বন্যার পানিতে মাছ চাষের পুকুরসহ সব ধরনের জলাশয় তলিয়ে যায়। বন্যার পানিতে ডুবে গেছে চলনবিলের নিম্নাঞ্চলও। আর এ সুযোগে অসাধু মৎস্য শিকারিরা সরকার নিষিদ্ধ চায়না, কারেন্ট, বেড় ও মশারি জাল দিয়ে দিনরাত মাছ নিধন করছে। এসব জালে বড় মাছের তুলনায় বেশি আটকা পড়ছে পোনা মাছ। আর এসব মাছ প্রকাশ্যে বাজারে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে হাটবাজারে দেদারছে বিক্রি হচ্ছে চায়না ও কারেন্ট জাল।
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, মা ও পোনা মাছ নিধনসহ নিষিদ্ধ কারেন্ট ও চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
