খানখানাপুরে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ জুন ২০১৯, ২০:১৯

রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইমরুল মোল্লা (২২)। রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

ঈদে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বেড়িয়ে এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক (থ্রি-হুইলার মিস্ত্রি) শুভ পাটোয়ারী (২০) ও আরোহী জাফর গাজী (২২) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ইমরুল মোল্লা গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফ্লিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যানবাহনের টায়ার মেরামত মিস্ত্রী শুকুর মোল্লার ছেলে।

জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। দুর্ঘটনাস্থলে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েন। ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইমরুলের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ঢাকায় পাঠানোর জন্য প্রস্ততি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে ইমরুল মোল্লা মারা যান।

নিহতর বাবা শুকুর মোল্লা বলেন,‘ ঈদের তিন দিন আগে আমার ছেলে ইমরুল (২২) আরটিআর নামক মোটরসাইকেল কিনে আনে। আজ রবিবার দুপুরে তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে ঘুরতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরলো লাশ হয়ে। ঈদে কেনা ওই মোটরসাইকেলই আমার ছেলে জীবন কেড়ে নিলো!’

আরও পড়ুন: ইউপিডিএফের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় গুলি করে হত্যা

আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু