নেত্রকোনায় দেখা মিললো ৪ কেজি ওজনের লেবুর!

আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:৫৯

'বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে' এই শ্লোগানকে সামনে রেখে আজ থেকে জেলা প্রশাসনও কৃষি বিভাগের উদ্যোগে নেত্রকোনার মোক্তারপাড়ার মাঠে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল ও কৃষি মেলা। এই মেলাতেই দেখা মিললো ৪ কেজি ওজনের একটি লেবুর।

মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১ টায় নেত্রকোনা ফল ও কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

৪ কেজি ওজনের এই লেবুর নাম জারা লেবু। আর এটি মেলায় নিয়ে এসেছেন মোহনগঞ্জ উপজেলার শাহজাহান মিয়া। এই জাতের লেবু সাধারণত দুই থেকে চার কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক  কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিষয় বস্তুর ওপর আলোচনা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা  মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এবং  সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

মেলায়  নেত্রকোনায় উৎপাদিত নানান রকমের ফল ও সবজির  ২০টি স্টল সাজানো হয়। মেলায় সকাল থেকে স্কুল কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ইত্তেফাক/জেডএইচডি