মির্জাপুরে কাঁঠালের ফলন ও দাম ভালো

আপডেট : ২৯ জুন ২০২২, ০২:৪৫

চলতি মৌসুমে মির্জাপুরে কাঁঠালে দাম ও ফলন ভালো পেয়ে খুশি চাষিরা। বর্তমানে মির্জাপুরের পাহাড়ি অঞ্চলের হাটবাজারে স্থানীয় জাতের উৎপাদিত কাঁঠাল বিক্রি হচ্ছে। বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা এসে এসব কাঁঠাল কিনে ঢাকাসহ অন্যান্য জেলায় নিয়ে যাচ্ছেন। তবে সরকারি ও ব্যক্তি উদ্যোগে কাঁঠাল সংগ্রহের জন্য কোনো হিমাগার গড়ে না ওঠায় সংরক্ষণের অভাবে প্রতি বছর হাজার হাজার টন কাঁঠাল পচে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ চাষিদের। 

মঙ্গলবার (২৮ জুন) উপজেলার হাঁটুভাঙ্গা, বাঁশতৈল ও তক্তারচালা বাজারের বৃহৎ কাঁঠালের হাটে খোঁজ নিয়ে দেখা গেছে, পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রাম থেকে কাঁঠালচাষিরা ভ্যান, রিকশা, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি ও ঠেলাগাড়ি নিয়ে শত শত কাঁঠাল বিক্রির জন্য আসছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পাহাড়ি অঞ্চলে প্রায় ১ হাজার ৯০০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। কাঁঠালচাষি লিয়াকত ও ময়েজ উদ্দিন জানান, বড় সাইজের কাঁঠাল ৯০-১২০ টাকা, মাঝারি সাইজের কাঁঠাল ৪০-৬০ টাকা এবং ছোট সাইজের কাঁঠাল ২০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, কৃষি বিভাগ থেকে কাঁঠালচাষিদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম