রাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু

আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। এতে তিন ইউনিটে মোট ৪ হাজার ৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। এ হিসেবে প্রতি আসনে লড়বেন ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

বুধবার (২৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক মো. বাবুল ইসলাম বলেন, রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিট মিলে এবছর আবেদন করেছেন মোট ১ লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন করেছেন ৭১ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। আগের ঘোষণা অনুযায়ী, তিন ধাপে চূড়ান্ত আবেদন নেওয়া হয়েছে। এখন আর চূড়ান্ত আবেদন করার সুযোগ নেই। যারা আবেদন করেছেন, তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এরআগে গত ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে। এতে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। তারা গত ১৫ জুন দুপুর ১২টা থেকে মোট তিন ধাপে গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করেন৷ 

আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ ছাড়া, আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন চার শিফটে পরীক্ষা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইত্তেফাক/মাহি