কোরবানির ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

আপডেট : ৩০ জুন ২০২২, ০৯:০০

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। সেই অনুযায়ী সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায়। এদিন ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সভায় চাঁদ দেখার খবর পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে কমিটি।

বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে বাংলাদেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে ১০ জুলাই। আর বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা না গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ঈদ হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ এবং ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানো যাবে।

ইত্তেফাক/এমআর