ঈদে দুই পর্দায় মিম

আপডেট : ৩০ জুন ২০২২, ১০:৫৮

‘অনেক গান আছে একবার শুনলেই ভালো লাগে। আর কিছু গান বারবার শোনার পর ভালো লাগে। ‘চল নিরালায়’ এমন একটি গান, প্রথমবার শুনেই যা ভালো লেগে যায়,’— অন্তর্জালে সদ্য মুক্তি পাওয়া ‘চল নিরালায়’ গান প্রসঙ্গে এভাবেই বললেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আগামী ঈদে মুক্তি পেতে যাওয়া ‘পরাণ’ ছবিতে গানটি দেখবেন দর্শক।

গানে খুঁজে পাবেন মফস্বলের স্নিগ্ধ তরুণী মিমকে। রায়হান রাফি পরিচালিত এ ছবিতে কলেজপড়~য়া একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। আপাতত ছবির টিজার ও গান প্রকাশ পেয়েছে। জনি হকের লেখা গানে সুর ও সংগীত আয়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিশা। গানের কথার মতোই মিম যেন উড়ছেন উতলা হাওয়ায়। গানটি নিয়ে এ সুন্দরীর কণ্ঠে উচ্ছ্বাসের যেন শেষ নেই, ‘ছবিতে আরও কয়েকটি রোমান্টিক গান আছে। তার মাঝে এই গানটিই আমাদের পছন্দের। শুটিংয়ে এ গানটি বারবার শুনতাম। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সাড়া পাচ্ছি। ছবি মুক্তি উপলক্ষে ভক্তরা নানাভাবে তাদের ভালোবাসা জানাচ্ছেন। একজন গাছের পাতার মধ্যে আমার ছবি খোদাই করেছেন। খুব ভালো লাগছে তাদের এমন আবেগ দেখে।’

জানা যায়, সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘পরাণ’র নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। পরের বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। প্রকাশ করা হয় টিজার। কিন্তু অতিমারি ও আনুষঙ্গিক নানা কারণে পিছিয়ে যায় মুক্তি। অবশেষে এবারের ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

‘পরাণ’ ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ময়মনসিংহে খুব মজা করে কাজ করেছি। স্হানীয় মানুষজন আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমার চরিত্রের নাম অনন্যা। মিষ্টি একটি চরিত্র। বেশিকিছু বলতে চাই না এ বিষয়ে। আমি চাই, দর্শক হলে এসে ছবিটি দেখুক। তারপর তাদের কাছে শুনতে চাই কেমন করলাম। ছবিটি পরিবার নিয়ে দেখার মতো এ কথা নির্দ্বিধায় বলতে পারি। সবাইকে বলব, ঈদের কোরবানি ও অন্যান্য কাজ সেরে সিনেমা হলে এসে ছবিটি দেখুন।’

‘পরাণ’র মতো মিম অভিনীত আরও কয়েকটি ছবি চলতি বছর মুক্তি পেতে পারে। তার মধ্যে আছে রায়হান রাফির ‘দামাল’ ও দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’। রায়হান রাফির ‘ইত্তেফাক’র শুটিং এখনো বাকি বলে জানা গেছে। এদিকে ঈদে সিনেমার পর্দায় শুধু নয়, মিমকে দেখা যাবে ছোটপর্দায়ও। এখন অব্দি ঈদের জন্য চারটি টেলিভিশন ফিচার ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। মিম বলেন, ‘ভালো লাগছে। বড় ব্যাপার হলো, আমাদের সিনেমাগুলো ছোটপর্দায়ও দেখা যায়। আর বিশেষ দিবস উপলক্ষে যে কাজগুলো করা হয়, সেগুলোও ফিল্মের মতো করে বানানো হয়। দুটোতেই দর্শক আনন্দ পায়। এবারও তাদের ভালো লাগবে।’

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন