চলতি সময়ের ব্যস্ত বিজ্ঞাপনচিত্র নির্মাতা তানভীর মাহমুদ দীপ। নির্মাণ করছেন দৃষ্টিনন্দনসব বিজ্ঞাপনচিত্র। গত বাবা দিবসে (১৮ জুন) প্রকাশ পাওয়া তার বিশেষ বিজ্ঞাপনচিত্র সাড়া ফেলেছে সর্বত্র। ফ্রেশ হ্যাপি ন্যাপি ডায়াপারের এ বিজ্ঞাপনচিত্রের দৈর্ঘ্য ২ মিনিট ৩৬ সেকেন্ড। ফ্রেশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নির্মিত এ বিজ্ঞাপনচিত্রে একজন অনাথ শিশুর গল্প তুলে ধরা হয়েছে।
এ প্রসঙ্গে দীপ বলেন, ‘কাজটির প্রস্তাব যখন পাই তখন মাকে নিয়ে বেঙ্গালুরে অবস্থান করছি। ফ্রেশের সাথে বিজয় দিবসের একটি কাজও করেছিলাম। সেটিও সাড়া ফেলেছিল। আমরা যারা বিজ্ঞাপন বানাই তারা সবসময় ভালো গল্পে কাজ করতে চাই। তাই এ কাজটি করার জন্য মাকে বেঙ্গালুর রেখে দেশে চলে আসি। মাত্র ১ সপ্তাহের মধ্যে প্রি-প্রোডাকশন হতে শুরু করে দৃশ্যধারণ ও সম্পাদনা শেষ করে জমা দিয়ে দেই।’
দীপ আরও বলেন, ‘আমেরিকার অ্যাডস অব দ্য ওয়ার্ল্ড ওয়েবসাইটে এই বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ করা হয়। বাবা দিবসের পরদিন সেখানে বেশি রেটিং পাওয়া কনটেন্ট ছিল এটি। তা ছাড়া অনেকেই শেয়ার করছেন। ভালো লাগার কথা জানাচ্ছেন।’
মাত্র ২২ বছর বয়সে যুক্তরাজ্যে ব্যবসা করতে গিয়েছিলেন দীপ। কিন্তু জড়িয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে। প্রায় নয় বছর সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শেষে দেশে আসেন ২০১৫ সালে। তারপর থেকে নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনচিত্র নির্মাণে। তার প্রথম বিজ্ঞাপনচিত্র দুসাই রিসোর্টের। তিনি অপ্পো, বার্জার, ভিভো ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন।
দীপ স্বপ্ন দেখেন সিনেমা বানানোর। তবে সিনেমা পরিচালনার আগে অভিজ্ঞতা বাড়ানোর তাগিদ অনুভব করেন। এজন্য আগে ওটিটি অথবা টেলিভিশনে কাজ করবেন। তার ভাষ্যে, ‘সিনেমা বানানোর ইচ্ছে আছে। তবে এখনই সিনেমা বানাব না। আগে ওটিটিতে কাজ করব। ঈদের পর ওয়েবের জন্য একটি ফিচার ফিল্ম বানানোর কথা চলছে। বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্রি-প্রোডাকশনে সময় দিলে রুটিনমাফিক কাজটি হয়ে যাবে। এরকম কিছু কাজ করলে অভিজ্ঞতা বাড়বে। তারপর সিনেমা বানানো যাবে।’
তিনি নাট্য নির্মাতাদের কাজের প্রশংসা করে বলেন, ‘বিজ্ঞাপন বানানোর জন্য পর্যাপ্ত বাজেট ও সময় পাওয়া যায়। সারাদিনে কয়েক সেকেন্ডের কাজ করলেও অসুবিধা হয় না। ঠিকঠাক না হলে একটি শট কুড়িবারও নেওয়া যায়। অথচ নাটকে একদিনেই ৩০-৪০ মিনিটের দৃশ্য ধারণ করা হচ্ছে। আবার বাজেটও কম। তাই, নাট্য নির্মাতাদের আমার স্যালুট। এত সীমাবদ্ধতার মাঝেও তারা চমত্কারসব নাটক উপহার দিচ্ছেন। বাজেট পেলে তারা আরও ভালো কাজ করবেন। বিজ্ঞাপন ছেড়ে অন্য কিছু বানাতে গেলে এই চ্যালেঞ্জের মুখে পড়ব। তাই অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন।’
