সালমানের পর এবার স্বরাকেও প্রাণে মারার বেনামি চিঠি!

আপডেট : ৩০ জুন ২০২২, ১২:০৪

কিছুদিন আগে সালমান খানকে প্রাণে মেরে ফেলবার হুমকির চিঠি এসেছিল। এবার নিশানায় অভিনেত্রী স্বরা ভাস্কর। বেনামি চিঠি মারফত খুনের হুমকি পেয়েছেন এই অভিনেত্রী। স্বরার ভারসোভার বাড়িতে স্পিডপোস্ট মারফত ওই চিঠি এসেছে। ঘটনার জেরে ভারসোভা পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন স্বরা।

ওই চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। হাতে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘বীর সাভারকারকে অপমান করেছেন স্বরা।’ চিঠির শেষে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজওয়ান’। দেশের যুব সম্প্রদায় সাভারকরের অপমান সহ্য করবে না তা স্পষ্টত লেখা রয়েছে ওই চিঠিতে। মুম্বাই পুলিশ স্বরার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

মনের কথা মন খুলে বলতে কোনওদিনই ভয় পান না স্বরা। এর জেরে বহুবার ট্রোলড হয়েছেন এ অভিনেত্রী। কেন্দ্র সরকারের নীতির সমালোচনা হোক বা মোদী সরকারকে একহাত নেওয়া- সবতেই এগিয়ে স্বরা ভাস্কর। সাভারকরকে নিয়ে একাধিক টুইট অতীতে করেছেন অভিনেত্রী। একটি টুইটে তিনি লিখেছিলেন, ‘ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। জেল থেকে মুক্তি পেতে হাতে-পায়ে ধরেছিলেন, তাকে বীর বলা চলে?’

সামাজিক বা অর্থনৈতিক বিষয় নিয়ে হামেশাই সোচ্চার স্বরা। সাম্প্রতিক উদয়পুর হত্যাকাণ্ডের সমালোচনা করেও টুইট করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘ভগবানের নাম নিয়ে কাউকে খুন করলে, শুরুটা নিজেকে দিয়ে করা উচিত’।

 

 

ইত্তেফাক/এসজেড