২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। এবার তার ছোটভাই পা রাখতে যাচ্ছে বুয়েট প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।
ফলাফল নিয়ে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে, নিরাপত্তা নিয়ে এখনও সন্দিহান তারা। কারণ, এই প্রাঙ্গণেই ভাই হারিয়েছেন ফাইয়াজ, সন্তান হারিয়েছেন বরকত উল্লাহ-রোকেয়া খাতুন দম্পতি। তাই ভেবেচিন্তেই নিবেন সিদ্ধান্ত।
এ বিষয়ে আবরার ফাইয়াজের বাবা বরকত উল্লাহ বলেন, আবরার এখন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি আছে। আমরা তাকে বুয়েটে ভর্তি করাবো কিনা তা নিয়ে আরও চিন্তা-ভাবনা করতে হবে। বুয়েটে এখনও র্যাগিং আছে কিনা, নিরাপত্তা কতটুকু পাবে এসব দেখতে হবে। এরপর সিদ্ধান্ত নিব। আর ওর ইচ্ছাকেও প্রাধান্য দিব।
এ বিষয়ে আবরার ফাইয়াজ বলেন, রাত ৯টার পরে বুয়েটের ফল পেলাম। ফল পেয়ে আমি খুশি। ঢাকা ইউনিভার্সিটির ফল এখনও বাকি। আবার আইইউটিতে ভর্তি আছি। এখন পর্যন্ত কোথায় পড়ব সিদ্ধান্ত নেইনি। তবে, বুয়েটে পড়ার সম্ভাবনা বেশি।
ফাইয়াজ আরও বলেন, ভর্তি কার্যক্রম ঈদের আগে হচ্ছে না। ১০-১৫ সময় পাচ্ছি। এই সময়ে ভেবে দেখি। পরিবারের সাথেও আলাপ করে দেখি। এরপর সিদ্ধান্ত নিব।
