খুবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট : ০১ জুলাই ২০২২, ১৭:৩০

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিম অ্যান্ড দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন ২০২০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। 

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সম্মেলনে প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। 

সম্মেলনের উদ্বোধন পর্বে কী নোট স্পিকার হিসেবে মূল নিবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক  প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল ও যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের বার্টলেট কক রিজেন্ট প্রফেসর ইমেরিটাস প্রফেসর ড. স্টিভেন এ. মুর।

সম্মেলনের উদ্বোধনপর্বে সভাপতির বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস। সম্মেলনের মুখ্য বিষয়াদি তুলে ধরেন সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শামীম আহসান।

এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ভারত ও নেপাল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এছাড়া দেশি-বিদেশি ৬১টি ইনস্টিটিউট থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

ইত্তেফাক/ইউবি