নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২ জুলাই) রাতে ওসি শওকত কবীরকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খুলনা উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ সংক্রান্ত খবর পাওয়া গেছে। শওকত কবীরকে নড়াইল সদর থানা থেকে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমানকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।’
ঘটনার পর এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশ ও স্থানীয় প্রশাসন সময়তো ঘটনাস্থলে এলে ঘটনা এতদূর যেতো না। ওই শিক্ষকের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্র ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আছে। বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে শনিবার রাতে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
