নড়াইলের মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি রহমতউল্লাহ রনি বিশ্বাস, মনিরুল ইসলাম রুবেল, শাওন খান ও সৈয়দ রিমন আলীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৩ জুলাই) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আগামীকাল ৪ জুলাই থেকে ৬ জুলাই এই তিন দিন রিমান্ড কার্যকর হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ পর্যন্ত গ্রেফতার হওয়া ৪ জনের সম্পৃক্ততার কিছু তথ্য পাওয়া গেছে। তবে বিস্তারিত তথ্য জানতে ২৯ ও ৩০ জুন পৃথক আবেদনে তাদের বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা আসামি রহমতউল্লাহ রনি বিশ্বাসসহ ৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
গত ২৭ জুন নড়াইলের মীর্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মুরসালিন বাদী হয়ে অজ্ঞাত ১৭০/১৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে সদর থানার পুলিশ আসামি রহমতউল্লাহ রনি বিশ্বাসসহ ৪ জনকে গ্রেফতার করে।
