সমকামীদের নিরাপত্তা দেবে না কাতার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ২২:৫৪

চার মাস পরই মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। যে টুর্নামেন্টে আন্দোলিত হয় বিশ্বের অলিগলি। ফুটবলের ছন্দে মোহবিষ্ট হয় গোটা বিশ্ব।

তবে বিশ্বকাপের রোমাঞ্চ অঙ্গহানি হচ্ছে নানা কারণে। কাতারে বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, ততই দর্শকদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। বিশ্বকাপের আয়োজক মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কাতার থেকে একের পর এক সতর্কবার্তা আসছে দর্শকদের জন্য। দেশটির নিয়ম কানুন মেনে চলার নোটিশ জারি হচ্ছে বারবার। একগাদা বিধিনিষেধ ঘোষণা করেছে কাতার। কিছুদিন আগেই আয়োজকরা জানিয়েছিল, বিশ্বকাপ চলাকালে কাতারে অবৈধ শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে তারা। বৈধ সম্পর্ক না হলে বিশ্বকাপ দেখতে এসে শারীরিক সম্পর্কে জড়ালেই সাত বছরের জেল পর্যন্ত দেওয়া হবে।

এবার সমকামীদের জন্য কড়া বার্তা পাঠালো কাতার। মুসলিমপ্রধান দেশ কাতারে সমকামিতা নিষিদ্ধ। যার কারণে বিশ্বকাপের সময় সমকামী ফুটবলপ্রেমীদের নিরাপত্তা দেবে না তারা। কাতারের আইন অনুযায়ী সমকামীতার শাস্তি তিন বছরের কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড, নিরাপত্তাহীন সমকামীদের ভাগ্যে এই শাস্তিও জুটতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ফিফা অনুমোদিত কাতারের ৬৯টি হোটেলের মধ্যে মাত্র তিনটি হোটেলে সমকামী যুগলরা থাকতে পারবেন না। আরও ২০টি হোটেলে তাদের থাকার অনুমতি রয়েছে। তবে সেখানেও অনেক শর্ত আরোপ করা হয়েছে। অবশ্য অবশিষ্ট হোটেলগুলোতে সমকামী ফুটবলপ্রেমীদের থাকতে দেওয়া হবে। আয়োজকদের স্পষ্ট কথা, বিশ্বকাপ দেখতে যে কেউ আসতে পারবে কাতারে। তবে মুসলিমপ্রধান দেশটিতে আসলে তাদের ঐতিহ্য, আইনকে মেনে চলতে হবে সবাইকে।

সারা বিশ্বের ফুটবলের নিয়ন্ত্রক ফিফা অবশ্য অতিথিদের আবাসন ব্যবস্হা নিশ্চিত করার দাবি জানিয়েছে কাতার সরকারের প্রতি। ফিফার দাবি, অনুরোধ আমলে নিচ্ছে না কাতার। তারা সমকামীদের নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে।

ইত্তেফাক/টিএ