‌তিন বছরে হাউজ অব এনইউবিডিয়ানস, ২ লাখ শিক্ষার্থীর মাইলফলক

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৫৭

হাঁটি হাঁটি পা পা করে তিন বছরে পদার্পণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম 'হাউজ অব এনইউবিডিয়ানস'। কেট কাটা, পুরস্কার প্রদানসহ নানা চমকে অর্ধশতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়ে উদযাপিত হলো প্ল্যাট‌ফর্মটির দ্বিতীয় জন্মোৎ​সব।

শুক্রবার (১ জুলাই) বিকেল চারটায় রাজধানীর বুয়েট ক্লাবে জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন আকিজ ভেঞ্চার গ্রুপের সিইও ও এমডি সৈয়দ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ, নগদ-এর সিএমও শেখ আমিনুর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. মাইদুল ইসলামসহ অনেকে।

বক্তব্য পর্বের শেষে কেক কেটে জন্মোৎসবের সূচনা ঘোষণা করেন হাউজ অব এনইউ‌বিডিয়ানস এর প্রতিষ্ঠাতা ও সিইও পলাশ সকাল। এর পরই সারাদেশ থেকে নির্বাচিত সদস্য ইশরাত জাহান ও আল হাসিবকে সেরা পারফর্মারের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্ল্যাটফর্মটির সঙ্গে শুরু থেকে যুক্ত আটজন স্বেচ্ছা‌সেবকে প্রদান করা হয় কৃতজ্ঞতা স্মারক।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ বলেন, জাতীয় বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আর যত্রতত্র নেই। তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ছাতার নিচে এসেছে। যেখানে তারা ক্যারিয়ার গড়ার পরিপূর্ণ দিক-নির্দেশনা পাচ্ছে।

ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

গতবছরের মতো এবারও হাউজ অব এনইউবিডিয়ানস-এর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান। বরিশাল জেলা টিম কেক কেটে, পায়রা উড়ি‌য়ে অনুষ্ঠানের সূচনা করে। শুধু তাই নয়, আয়োজন আছে অনলাই‌নেও। গ্রামীণ‌ফোনের সিইও ইয়াসির আজমানের উপস্থিতি শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে বিশেষ লাইভ।

২০২০ সালের ১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪ লাখ শিক্ষার্থীর আত্মউন্নয়ন ও স্কিল ডেভেলপের লক্ষ্যে হাউজ অব এনইউবি‌ডিয়ানস গঠন করেন পলাশ সকাল। এখন পর্যন্ত এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন দুই লাখেরও বেশি শিক্ষার্থী। গঠিত হয়েছে ২৫টি ক্যাম্পাস দল এবং ৮টি জাতীয় প্রতিযোগীতা। শুধু তাই নয়, এই ২ বছরে অনুষ্ঠিত হয়েছে ৩১১টি ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানউন্নয়‌নের কথা মাথায় রেখে আয়োজিত হয়েছে ৭৮টি ট্রেনিং সেশন।

শুধু এক জায়গাতেই সীমাবদ্ধ থাকেনি প্ল্যাটফর্ম‌টির কর্মকাণ্ড; বরং ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে গেছে এসব উদ্যোগ। এরই ধারাবাহিকতায় এরই মধ্যে চালু হচ্ছে দেশজুড়ে ২৫টি উন্মুক্ত লাই‌ব্রেরি, যেখানে পাঠকেরা নিজেদের মধ্যে বই পড়া, বই আদান–প্রদান, লেখালেখি ছাড়াও আয়োজন করছেন বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের। এছাড়াও প্ল্যাটফর্মটি নিয়মিত প্রকাশ কর‌ছে মা‌সিক ম্যাগাজিন 'এনইউ‌বি‌ডিয়ানস জানালা'।

ইত্তেফাক/এসটিএম