ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ন্যাটো জোটের প্রভাবশালী রাষ্ট্র জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনকে সাহায্য করা হবে। তবে সেটা ন্যাটো সদস্য হিসেবে নয়। সম্প্রচারমাধ্যম এআরডি-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
জার্মান চ্যান্সেলর বলেন, যুদ্ধ পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দেশটির মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানি। তবে এই নিরাপত্তা গ্যারান্টি ট্রান্স আটলান্টিক জোটের সদস্যদের মতো হবে না।
তিনি বলেন, নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আমরা ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে এটা স্পষ্ট যে, এই গ্যারান্টি ন্যাটোভুক্ত দেশের মতো একই রকমের হবে না।
