কারফিউর আগেই শেষ আটে জোকোভিচ

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১০:০৪

লন্ডনের স্থানীয় সময় রাত ১১টার পর কার্ফিউ জারি হয় উইম্বলডনে। অর্থাৎ ম্যাচ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, ঘড়ির কাঁটা রাত ১১টা বাজার সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ। টেস্ট ক্রিকেটের মতোই ম্যাচের বাকি অংশটুকুর জন্য অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত। যার ফলে পরপর দুই দিনে খেলতে হতো একই ম্যাচ। তেমনই এক শঙ্কার মধ্যে ছিলেন নোভাক জোকোভিচ।

তবে সব শঙ্কা উড়িয়ে কারফিউ জারির ২১ মিনিট আগেই শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করেন এই সার্বিয়ান টেনিস তারকা। নেদারল্যান্ডসের টিম ফন রিথোভেনকে হারিয়েছেন ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ গেমে। জোকোভিচ যখন কোর্টে আসেন তখন সময় রাত ৮টা। সরাসরি সেটে না হলে পুরুষ এককে তিন ঘণ্টর ভেতর ম্যাচ জেতা অনেকটাই কঠিন। প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেটে হেরে বসেন জোকোভিচ। কিন্তু পরের দুই সেটে টিমকে একদম উড়িয়ে দেন তিনি।

এভাবে দাপট না দেখালে পরের দিনও খেলতে হতো কারফিউ এড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বর্তমান চ্যাম্পিয়ন, ‘কারফিউর ব্যাপারে জানতাম না। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ। আমার মনে আছে কয়েক বছর (২০১৮) আগে সেমিফাইনালে নাদালের সঙ্গে ম্যাচটি দুই দিনে খেলেছি। এটা কখনোই সুখকর নয়।’

কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ইয়ান্নিক সিন্নার। ইতালির এই তারকা শেষ ষোলো রাউন্ডে ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০), ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের কার্লোস আলকারাজকে। তাছাড়া পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ক্যামেরন নরি ও ডেভিড গফিন।

ইত্তেফাক/এমআর