৫ জুলাই জাতীয় আয়ুর্বেদ ও ইউনানি দিবস ঘোষণার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুজ্জামান।
তিনি বলেন, আমরা চাই ৫ জুলাইকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জাতীয় আয়ুর্বেদ ও ইউনানি দিবস ঘোষণা করুন। সেইসঙ্গে বাংলাদেশে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসাকে জাতীয়ভাবে স্বীকৃতি দিন, তাহলে এটাই হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়ুর্বেদ ও ইউনানিকে সরকারি স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতা। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন।
সভায় অন্যান্যরা বলেন, জাতীয় আয়ুর্বেদ ও ইউনানি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। এছাড়া অনুপ্রান এবং সহপান সম্বলিত ঔষধ প্রস্তুত ও প্রয়োগের অধিকার প্রত্যেক আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসকের সহজাত অধিকার।
দেশজ ও চিরায়ত চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসকদের জীবনমান উন্নয়নে নিবেদিত জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাচি’ আয়োজিত উক্ত মতবিনিময় সভা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন-প্রাচির কো চেয়ারম্যান, আয়ুর্বেদ চিকিৎসক এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিনি এর বোর্ডসভার সদস্য আব্দুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন-প্রাচির শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক পরিচালক মোখলেছুর রহমান। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাংবাদিক সজীব সাদিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিনি এর বোর্ডসভার সদস্য এবং আযুর্বেদ চিকিৎসক মোতালেব মতিন, বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিনি এর বোর্ড সদস্য এবং ইউনানি চিকিৎসক কামরুজ্জামান, ইউনানি চিকিৎসক এম এ করিম সিদ্দিকি, ইউনানি চিকিৎসক কালাম পাটোয়ারী, নুর মজিদ আয়ুর্বেদ কলেজের অধ্যক্ষ মো. মামুন, ইউনানি চিকিৎসক রীতা মজুমদার। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন আয়ুর্বেদ ও ইউনানি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
