বাংলাভিশনের ভিন্নধর্মী আয়োজনে একান্ত আড্ডা দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সমপ্রতি সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দু’জনই উপস্থাপক আবার দু’জনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ।’—এই ডাইলগের পেছনের গল্প। মানুষের বিপদে আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে! তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? এসব জানা যাবে অনুষ্ঠানটিতে।
অনুষ্ঠানটি সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই জুটির ঈদের ছবিসহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানা গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
অনুষ্ঠানটি ঈদের আগের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

টেলিভিশন নাটকে সীমাবদ্ধতা রয়েছে: মম