ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০০:১৫

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম সবুজ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় ঐ যুবকের ওপর হামলা হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবুজ শহরের বায়তুল আমান মহল্লার শহিদুল্লাহর বড় ছেলে। 

বিএসএমএমসি হাসপাতালের ২৫তম ব্যাচের ইন্টার্র্নি চিকিৎসক ডা. মিজান জানান, সবুজকে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কোপের আঘাতে। এছাড়া তার মাথা ও ডান হাতসহ সারা শরীরে কোপের চিহ্ন ছিল। 

তিনি জানান, আহত সবুজকে অপারেশন থিয়েটারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু এরই মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার শরীরে রক্ত পুশের মতো কোনো ভেইন পাচ্ছিলাম না বলে ডা. মিজান জানান।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল জানান, রাতে বায়তুল আমান এলাকায় সন্ত্রাসীরা সবুজকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন হাসপাতালে যান। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। জড়িতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/এমএএম