খুলনায় মসলার বাজার চড়া

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:১৫

কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র চার দিন। এরই মধ্যে খুলনায় বেড়েছে প্রায় সব ধরনের মসলার দাম। মসলাজাতীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে ২০-২০০ টাকা পর্যন্ত। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ডলারের বিপরীতে দেশি টাকার মান কমে যাওয়া। 

খুলনার কয়েকটি বাজার ঘুরে জানা যায়, প্রতি কেজি জিরা ৪৫০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু ১৫ দিন প্রতি কেজি জিরা ৪২০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে ১ হাজার ১০০ টাকার লবঙ্গ ১ হাজার ৩০০ টাকা, ২ হাজার-২ হাজার ৪০০ টাকার এলাচ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা, ৮০০ টাকার কাজুবাদাম ৯০০ টাকা, ২ হাজার টাকার পেস্তাবাদাম আড়াই হাজার, ৬০০ টাকার গোলমরিচ ৮০০ ও ৩০০ টাকার কিচমিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর বড় বাজারের ব্যবসায়ী শেখ তানভীর হোসেন বলেন, গরম মসলার সব পণ্য দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। রোজার ঈদের পর থেকেই এর বাজার চড়া হতে শুরু করেছে। এরপর ডলারের বিপরীতে দেশীয় টাকার মান কমে যাওয়ায় মসলার দাম বেড়েছে। একই বাজারের ব্যবসায়ী বলরাম কুণ্ডু বলেন, মসলার মূল্য বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক একটা ইস্যু রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে জাহাজের বুকিং কমে যাওয়ায় পণ্যের আমদানি কমে গেছে। আমাদের বেশি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।

ব্যবসায়ী মো. আব্দুল জলিল বলেন, গরম মসলার দাম বেড়েছে। তবে ঈদের আগে আরো এক দফা বাড়তে পারে এসব পণ্যের দাম। রূপসা কাঁচা বাজারের ব্যবসায়ী নান্টু মিয়া বলেন, তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। আর কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মসলার দাম।

ইত্তেফাক/এমএএম