সম্রাটের জামিন শুনানি ১১ আগস্ট

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩:২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। একই দিন মামলার অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ দিন ধার্য করেন।

সূত্রে জানা গেছে, আজ একই আদালতে সম্রাটের জামিন শুনানি এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় আদালতে তাকে হাজির না করে হাজতি পরোয়ানা পাঠায় কারা কর্তৃপক্ষ। এরপর বিচারক নতুন দিন ধার্য করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা)।

গত ২১ জুন একই আদালতে সম্রাটের জামিন শুনানি ও চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় ৬ জুলাই দিন ধার্য করেছিলেন বিচারক।

ইত্তেফাক/কেকে