জন্মলগ্ন থেকেই বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ক্ষমতার প্রশ্নে বিএনপির কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান। ষড়যন্ত্রের মন্ত্র ও ক্ষমতার তন্ত্রে বিভোর বিএনপির এ দেশের গণতন্ত্র, জনমত, নির্বাচন এবং রাজনীতির অর্থবহ ও কল্যাণকর কোনো পন্থাতে আস্থা ছিলো না, এখনও নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনেই প্রমাণ হবে- জনগণ ইতিবাচক রাজনীতির দিকে, নাকি নেতিবাচক রাজনীতির দিকে।
বাংলাদেশের জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবে নাকি লুটপাটের পক্ষে রায় দেবে- এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, মানুষ উন্নয়ন আর অর্জনকে ভোট দেবে, নাকি দুর্নীতির দিকে ভোট দেবে?
কাদের বলেন, সারাক্ষণ নির্বাচন আতঙ্কে ভুগতে থাকা বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই আগে ভাগে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একথা সেকথা বলছেন।
নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ দৃশ্যমান হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কী? তার প্রমাণ আপনারা ক্ষমতাসীন হয়ে বারবার দেখিয়েছেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী একসময় বলেছিলেন- দেশে শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়! দেশবাসী জানে যতক্ষণ বিএনপির ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে, নির্বাচনে জেতার গ্যারান্টি না পাবে- ততদিন তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না।
আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত জনগণের মতামতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রদ্ধাশীল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস।
তিনি বলেন, এদেশে এ যাবৎ নির্বাচন ব্যবস্থা যতটুকু উন্নতি হয়েছে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী সরকারই এ উন্নতি করেছে। আর দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছেন, মিডিয়ায় ঝড় তুলছেন, সংসদে আনুপাতিক হারের চেয়ে বেশি সময় পাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে ও পার্লামেন্টের বাইরে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মাসেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা বেড়েই চলছে, আর এ থেকেই হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবোলতাবোল বলছেন।

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ইউনিসেফের উদ্বেগ-নিন্দা
রিমান্ড শেষে কারাগারে পদ্মা সেতুর নাট খোলা বাইজীদ
করোনার ঊর্ধ্বগতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী