ঈদে আসছে জেসির নতুন গান

আপডেট : ০৬ জুলাই ২০২২, ২২:০২

খুলনার মেয়ে জেসি মোশাররফ। ২০২০ সালে টিভি চ্যানেল আরটিভির আয়োজনে 'বাংলার গায়েন'-এ অংশ নিয়ে দারুণ গায়কী দিয়ে সংগীতাঙ্গনে নজর কাড়েন তিনি। জায়গা করে নেন ওই প্রতিযোগিতার শীর্ষ দশে।

এবারের ঈদুল আজহাকে সামনে রেখে আসছে জেসির নতুন গান 'খাঁচার ভেতর অচিন পাখি।' সোহাগ মাসুদের প্রযোজনায় আরটিভির 'স্টুডিও বাংলার গায়েন' এর প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে উন্মুক্ত করা হবে গানটি। এর আগে একই প্ল্যাটফর্মে এ পর্যন্ত তিনটি গান পরিবেশন করেছেন জেসি। এগুলো হলো—‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’ এবং ‘কালে জলে কুচলা তলে’র সমন্বয়ে একটি গান, ‘বিহুর এ লগন, মধুর এ লগন’ এবং ‘দোল দোল দোলনি’।

জেসি মোশাররফ

লালনের জনপ্রিয় গান ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নিজের কণ্ঠে ধারণ করতে পেরে জেসি বেশ উচ্ছ্বসিত। এর অন্যতম কারণশওকত আলী ইমনের সঙ্গীতায়োজন। জেসি বলেন, ইমন স্যারের সঙ্গে প্রিয় এই গানটি নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি শ্রোতারা এতে ভিন্ন স্বাদ পাবেন।

২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক সম্পন্ন করেছেন খুলনার মেয়ে জেসি মোশাররফ। বর্তমানে খুলনা সরকারি মহিলা কলেজে পড়ছেন তিনি। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন গান। আর এক্ষেত্রে ফোক ঘরানার গানই তার বেশি পছন্দের। ভবিষ্যতে নিজের মৌলিক গান নিয়ে এগোতে চান তিনি।

ইত্তেফাক/এসটিএম