বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৭৮ জন গবেষক, শিক্ষক ও চিকিৎসককে গবেষণা অনুদান দেওয়া হয়েছে। নতুন বাজেটে ২০২২-২০২৩ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো, শারফুদ্দিন আহমেদ গবেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরে গবেষণা অনুদান ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লাখ টাকা করা হয়েছে। গবেষণার কাজে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের পাশাপাশি গবেষণা অনুদান আরো বাড়ানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা খাতে জোর দিয়েছেন। তার সঙ্গে আমরাও চাই এ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আরো গবেষণা বৃদ্ধি পাক। গবেষণা বৃদ্ধির জন্য আমরা যত দ্রুত সম্ভব রোগীদের স্বাস্থ্যসেবায় অবদান রাখে এমন প্রয়োজনীয় সব বিষয়ে পিএইচডি কোর্স চালু করব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন।

