বিরাট কোহলিরও এমন দিন আসে! ফিফটি-সেঞ্চুরিকে রীতিমতো ডালভাত বানিয়ে ফেলা এই ব্যাটসম্যান আজ প্রায় তিন বছর ধরে সেঞ্চুরিহীন। কোনো ফরম্যাটেই তিন অঙ্কের দেখা নেই। আর সাদা পোশাকে তো তার ফর্ম হীনতা কাটার নামই নিচ্ছে না। যার ফলে প্রায় ছয় বছর পর টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে চলে গেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টের দুই ইনিংসে কেবল ১১ ও ২০ রান করেন কোহলি। এই টেস্ট শুরু হওয়ার আগে দশে ছিলেন তিনি। কিন্তু গতকাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ নিচে নেমে ১৩ নম্বরে আছেন এই ব্যাটসম্যান।
কোহলি বেরিয়ে গেলেও সেরা দশে ঢুকেছেন ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ট। ছয় ধাপ এগিয়ে ৫ নম্বরে আছেন তিনি। তবে বড় লাফটা দিয়েছেন জনি বেয়ারস্টো। অবশ্য সেটা অনুমিতই ছিল। তর্কযোগ্যভাবে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা এই ব্যাটসম্যান গত মাসে নিউজিল্যান্ড সিরিজের আগে ছিলেন ৪৭তম অবস্থানে। ভারতের বিপক্ষে ম্যাচসহ চার ম্যাচে চারটি অবিশ্বাস্য সেঞ্চুরি করে চার বছর পর সেরা দশে ঢুকেছেন এই ইংলিশ। ১১ ধাপ এগিয়ে অবস্থানটা ঠিক ১০ নম্বরেই।
র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে জো রুট। ৯২৩ রেটিং নিয়ে বাকিদের চেয়ে ধরাছোঁয়ার বাইরে এই ইংলিশ ব্যাটসম্যান। বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সিংহাসনটা আগের মতোই রবীন্দ্র জাদেজার দখলে।
