আড়াইহাজারে হাত-পা-চোখ বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বিকেলে উপজেলার সদাসদি কাজীপাড়া চকের বাড়ি এলাকার নিজ ঘর থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ হলেন, একই এলাকার ওমর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০)। 

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘স্বজনরা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা। এছাড়া বাড়িতে সিঁধ কাটা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

নিহতের ভাগ্নে হিরন সাংবাদিকদের বলেন, ‘খালু ওমর আলী এ বাড়িতে থাকেন না। আর একমাত্র খালাতো ভাই মালেশিয়া প্রবাসী। ফলে খালা একাই বসবাস করেন বাড়িতে। মঙ্গলবার রাতে খালাতো ভাই শরীফ দেশে আসার কথা ছিল। আসছে কিনা সেটা জানতে বিকেলে খালার বাড়িতে আসি। এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সারা দিচ্ছেন না। যার জন্য ঘরের জানালা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করি। আর ঘরে ঢুকেই দেখতে পাই খালা এভাবে পড়ে আছেন। তখন আত্মীয় স্বজন ও পুলিশকে খবর দেই।’

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘ধারণা করা হচ্ছে, সিঁধকেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হাত-পা ও চোখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে।’

ইত্তেফাক/কেকে