‘হাওয়া’ আসছে ২৯ জুলাই

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:৪০

চলতি সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘হাওয়া’ সিনেমা। এবার এলো নতুন খবর। আগামী ২৯ জুলাই সিনেমাটি হলে মুক্তি পাবে। ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে পরিচালক মেজবাউর রহমান সুমন।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

ছবি: সংগৃহীত

পরিচালক মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, ‘বেশ কিছুদিন হলো আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি। চলতি মাসেই আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে, দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেব আমরা।’

‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত এ কালের রূপকথা।

রূপকথানির্ভর সিনেমার প্রচলিত এ ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা বলে জানাচ্ছে সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

ইত্তেফাক/বিএএফ